ক্রিকেট

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি ঘিরে নতুন উদ্যোগ অস্ট্রেলিয়া বোর্ডের

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি ঘিরে নতুন উদ্যোগ অস্ট্রেলিয়া বোর্ডের

বল টেম্পারিংয়ের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন এক উদ্যোগ নিয়েছে। বোর্ডের স্বাধীন তদন্তের পরিধি আরও বাড়িয়েছে। যার অন্তর্ভুক্ত করা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৭-১৮ অ্যাশেজ সিরিজও।

শুক্রবার স্বাধীন প্যানেলের কার্যপরিধি প্রকাশ করেছে অজি বোর্ড। এর আওতায় থাকবে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া ছেলেদের দলের বল রক্ষণাবেক্ষণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম। যার মধ্যে রয়েছে অ্যাশেজ সিরিজও। যেখানে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে জয়ী হয়েছিল।

এছাড়া সাউথ আফ্রিকা সফরের চারটি টেস্ট এবং বল টেম্পারিং কেলেঙ্কারি সামনে আসার পর যে তদন্ত হয়েছিল সেটিও নতুন তদন্তের অন্তর্ভুক্ত থাকবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতিশ্রুতি দিয়েছে, স্বাধীন তদন্ত প্রতিবেদন ও সুপারিশগুলো হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে সেগুলো পূর্ণাঙ্গভাবে প্রকাশ করবে।

২০১৮ সালের সাউথ আফ্রিকা সফরের সঙ্গে যুক্ত সবাইকে এই স্বাধীন প্যানেলের সামনে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হবে। তবে কারো জন্যই এটি বাধ্যতামূলক নয়। এর ভিত্তিতে অতীতে ঘটে যাওয়া কোন ঘটনার জন্য নতুন করে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘২০১৮ সালের সাউথ আফ্রিকা সফরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাধীন প্যানেলে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। সেসময়ের ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-পরিচালকদেরও এতে আমন্ত্রণ জানানো হবে। সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে। তবে এতে অংশগ্রহণের কোন বাধ্যবাধকতা থাকবে না। অংশগ্রহণকারী অন্য কোন নির্দেশনা না দিলে তাদের দেয়া সমস্ত তথ্য গোপনীয় বলে গণ্য করা হবে এবং অতীতের কোন ঘটনার জন্য পরবর্তীতে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না। অংশগ্রহণকারীরা সরাসরি উপস্থিত হয়ে, অনলাইনে যুক্ত হয়ে অথবা লিখিত বিবরণ দিয়ে স্বাধীন ফোরামে তথ্য প্রদান করতে পারবেন।’

অস্ট্রেলিয়া বোর্ড জানিয়েছে, এই ফোরামটি ছয় সপ্তাহের জন্য চালু থাকবে।

ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের চেয়ারম্যান ডেভিড বুন বলেছেন, ‘এটি একটি নিরাপদ পরিবেশে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ। এর মাধ্যমে সংশ্লিষ্টরা সেই সফরের ঘটনাপ্রবাহ এবং পরবর্তী তদন্ত সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য সিএ বোর্ডের কাছে পৌঁছে দিতে পারবেন। আট বছর আগের সেই সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর যে ব্যাপক মানসিক চাপ পড়েছে, সে বিষয়ে আমরা গভীরভাবে অবগত। তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’

‘এই ফোরামটি এমন একটি সুযোগ যেখানে মানুষ কথা বলতে পারবে এবং তাদের কথা শোনার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে এটি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের জন্যও শোনার ও শেখার একটি বড় সুযোগ। প্রতিবেদনটি পূর্ণাঙ্গ আকারে প্রকাশ করা আমাদের স্বচ্ছতার প্রতিশ্রুতির অংশ। আমরা যা কিছু জানতে পারছি তা ক্রিকেট ভক্তদের সামনে খোলামেলাভাবে তুলে ধরাই এর উদ্দেশ্য। এটিও বোঝা অত্যন্ত জরুরি যে, এই প্রক্রিয়ার লক্ষ্য কাউকে শাস্তি দেয়া বা দোষারোপ করা নয়।’

এর আগে অস্ট্রেলিয়া দলের সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর কেলেঙ্কারিটি নতুন করে আলোচনায় এসেছে। বইতে খাজা দাবি করেছেন, কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের বিষয়টি পুরো দলেরই জানা ছিল।

২০১৮ সালের সেই দলে থাকা চার প্রধান বোলার জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স সবসময়ই দাবি করে এসেছেন, বলের ওপর স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তারা কিছুই জানতেন না।

কামিন্স খাজার এই ভাষ্যকে অর্থহীন বলে অভিহিত করেছেন। সেই ঘটনায় নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের মধ্যে দুজন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট, তৃতীয়জন ছিলেন স্টিভ স্মিথ। খাজার দেয়া ঘটনার বর্ণনার পক্ষেই কথা বলেছেন তারা।

বিষয়:অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড উসমান খাজার আত্মজীবনী ডেভিড বুন প্যাট কামিন্স স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…