সাউথ আফ্রিকার মেয়েদের ২ উইকেটে হারিয়ে সবার আগে ঘরের মাঠে নারী বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ডের মেয়েরা।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমির বিজয়ী দলটি ২৩ জুলাই লর্ডসে ইংলিশদের ফাইনাল প্রতিপক্ষ হবে।
মঙ্গলবার ব্রিস্টলে শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮১ রান তোলে সাউথ আফ্রিকার মেয়েরা। মেয়েদের এবারের বিশ্বকাপে যে হারে রান উঠেছে, তাতে প্রোটিয়াদের সংগ্রহকে কমই মনে হচ্ছিল। কিন্তু বোলিংয়ে এসে দারুণ লড়াই করেছে আফ্রিকার মেয়েরা। ইংল্যান্ডকে তাই ফাইনালের টিকিট কাটতে ৮ উইকেট হারাতে হল, অপেক্ষা করতে হল ৪৯.৪ ওভার পর্যন্ত।
আগে ব্যাট করে দুই ফিফটিতে দুইশ পেরিয়ে যায় প্রোটিয়ারা। উদ্বোধনী লৌরা উলভার্ডাটের ৬৬ ও মিডল অর্ডারে মিগনন ডু পেরেজের অপরাজিত ৭৬ রানে আসে এই সংগ্রহ। বাকিদের মধ্যে বলার মত রান কেবল অধিনায়ক ড্যান ভ্যান নিকার্কের ২৭ ও সুনে লুউসের অপরাজিত ২১ রান।
স্বাগতিকদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন সুর্বসোলে, সাইভার, গুন ও নাইট।
লক্ষ্য তাড়ার পথে উদ্বোধনীতেই ৪২ রান তুলে ফেলেন লৌরেন উইনফিল্ড (২০) ও টাম্মি বেউমন্ট (১৫)। ওয়ানডাউনে নামা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সারা টেলরের ঝলমলে ৫৪ ও অধিনায়ক হেথার নাইটের ৩০ রানে জয়টাকে সহজ মনে হচ্ছিল স্বাগতিকদের।

পরে রান তোলার গতি ঠিক থাকলেও কয়েকটি উইকেট হারিয়ে বসে তারা। মাঝে ফ্রান উইলসনের ৩০ বেশ কাজে দেয়। শেষ দিকে অপরাজিত ২৭ রানে জয়ে নোঙর ফেলেই মাঠ ছাড়েন জেনি গুন।
ঘরের মাঠে পিঠেপিঠি দুটি বিশ্ব-লড়াই। একটা মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি, আরেকটা পুরো বিশ্বকাপই। প্রথমটা ছেলেদের, পরেরটা মেয়েদের। কদিন আগে ছেলেরা না পারলেও ইংলিশ মেয়েরা শিরোপার স্বপ্ন জাগিয়ে তুলল ভালোভাবেই।







