‘বড় টুর্নামেন্টে পারে না সাউথ আফ্রিকা’, এমন বদনাম ঘোচাতে নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে সাউথ আফ্রিকা। দলটির অধিনায়ক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, এবার দেশের জন্য কিছু একটা করতে চাই।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
সাউথ আফ্রিকার মেয়েরাও কোনদিন বিশ্বকাপ জিততে পারেনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পুরুষদের খালি হাতে বিদায় ‘চোকার’ নামে অন্যমাত্রা জুগিয়ে গেছে। সেমিফাইনালে ‘একটা কিছু’ করতে চাওয়ার ইচ্ছা আফ্রিকার মেয়েদের জন্য মোটেও সহজ হবে না। মানসিক লড়াইয়ে এগিয়ে থাকবে ইংল্যান্ডের মেয়েরা। কেননা গ্রুপ পর্বের দেখায় জয় পেয়েছিল ইংলিশরা।
স্বাগতিক হওয়ায় ইংল্যান্ড আসলেই মানসিকভাবে এগিয়ে থাকবে। তাছাড়া তাদের আছে তামসিন নামের এক ‘ভয়ঙ্কর’ ব্যাটসম্যান। ইতিমধ্যে যিনি দুটি সেঞ্চুরি তুলে নিয়েছেন। একই সঙ্গে সাত ইনিংসে ৩৭২ রান নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী। নকআউট পর্ব বলে সাউথ আফ্রিকাকে একদম হিসেবের বাইরে ফেলা যাচ্ছে না। দলগত সাফল্য নিয়েই এই পর্যন্ত এসেছেন তারা। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-তিন বিভাগেই তারা ভালো করছেন। দলপতি ডেন ভ্যান নিকেরক ৬ ইনিংসে ১৫ উইকেট শিকার করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে আছেন আরেক বোলার মারিজানে ক্যাপ। ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে বিব্রত করছেন।
মঙ্গলবার যারা জিতবে তারা ফাইনালে মুখোমুখি হবে ভারত অথবা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ২০ তারিখ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।






