স্পেন জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে মেয়াদ এক বছরও পেরোয়নি। এরইমধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন লুইস এনরিকে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের গুরু হয়েছিলেন বার্সার সাবেক কোচ।
চলতি বছরের মার্চ থেকে ‘পারিবারিক সমস্যার কারণ’ দেখিয়ে স্পেনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন এনরিকে। তার বদলী হিসেবে স্পেনের দায়িত্ব সামলেছেন সহকারী কোচ রবের্তো মরেনো।
বুধবার এক সংবাদ সম্মেলনে এনরিকের বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। এনরিকের সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আছে জানিয়ে রুবিয়ালেস বলেন, ‘এটা এনরিকের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের এ বিষয়ে সম্পূর্ণ শ্রদ্ধা আছে। ’
‘তার সঙ্গে আমাদের দারুণ এক স্মৃতি আছে। এটা তার পারিবারিক সমস্যা যা আমাদের প্রভাব ফেলেনি। আমাদের মনে হয় তার জন্য এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত!’
এনরিকের স্থলাভিষিক্ত করা হয়েছে রবের্তো মরেনোকে। সবশেষ মাল্টা, ফারো আইল্যান্ড ও সুইডেন ম্যাচে ডাগআউট সামলেছেন রবের্তো। তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে স্প্যানিশরা। তাই হুট করে নতুন কোচ খোঁজার ঝামেলায় যায়নি ফেডারেশনটি।
এ নিয়ে সবশেষ ১২ মাসে চারবার কোচের বদল হলো স্পেন জাতীয় দলে। গতবছর বিশ্বকাপের দুইদিন আগে বরখাস্ত হন হুলেন লোপেত্তেগি। তার জায়গায় স্পেনের বিশ্বকাপ দায়িত্ব সামাল দেন স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো। শেষ ষোলোতেই বিশ্বকাপের দৌড় থামার পর স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন হিয়েরো। তার স্থলাভিষিক্ত করা হয়েছিল এনরিকেকে।







