ম্যাচের আগে খেলা নয়, সিটির ‘শাস্তির বিষয়ে’ পক্ষেই বললেন পিএসজি কোচ

রাতে চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচ, মুখোমুখি ম্যানচেস্টার সিটি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। সবকিছু এড়িয়ে আলোচনায় ম্যাচ নয়, প্রিমিয়ার লিগে আর্থিক নিয়ম ভঙ্গে দোষী হওয়া ম্যানসিটির ঘটনা শিরোনামে। সেবিষয়ে ইংলিশ জায়ান্টদের পাশেই থাকছেন ফরাসি ক্লাব পিএসজি কোচ লুইস এনরিকে।
হাইভোল্টেজ ম্যাচ গড়াবে বুধবার রাতে, ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচের আগে গত দুআসরে চ্যাম্পিয়ন পিএসজি কোচ লুইস এনরিকেকে কথা বলতে হয়েছে সিটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়েও। প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশনের তদন্তে আনা ১১৫ অভিযোগের ১১৪টিতে দোষী সাব্যস্ত হয়েছে সিটি।
ম্যানসিটির বিরুদ্ধে অভিযোগ ও দোষী সাব্যস্তের বিষয়ে এনরিকে বলেছেন, ‘ম্যানসিটিকে ঘিরে অনেক আলোচনা চলছে। বড় ক্লাবগুলোর ক্ষেত্রে এমন প্রায়ই ঘটে। চূড়ান্ত সিদ্ধান্ত কী আসে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি সিটির জন্য সবকিছু ভালোভাবে শেষ হবে। গত কয়েক বছরে মাঠে তারা যা করেছে, সত্যিই অসাধারণ এবং যেসব ট্রফি জিতেছে, মাঠের পারফরম্যান্সের বিচারে সেগুলো তাদেরই প্রাপ্য ছিল।’
স্বাধীন কমিশন দেখেছে, ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে ৯ বছরে সিটি বাণিজ্যিক অংশীদারদের সাথে ‘ভুয়া’ চুক্তি করেছে। তারা ফুটবল কার্যক্রমের জন্য গোপনে ৮৩০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ স্থানান্তর করেছে, যা নিয়মের বাইরে ঘটেছে। যদিও সিটি নির্দোষ দাবি করেছে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
পিএসজির স্প্যানিয়ার্ড কোচ বলেছেন ‘এখন কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় বা বিচারক কী বলেন, তা দেখার অপেক্ষায় থাকতে হবে। প্রথমবার যখন এমন খবর শোনা যায়, অবাক করার মতোই মনে হয়। তবে আমাদের উচিত পুরো প্রক্রিয়াটিকে সম্মান জানানো এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। এসব সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব কর্তৃপক্ষের।’
‘তাদের ফুটবলশৈলী আমার খুব পছন্দ। মাঠে জেতা ট্রফি মাঠেই থেকে যায়। সেগুলো জেতার যোগ্যতা তাদের ছিল এবং আশা করি শাস্তির হাত থেকে রক্ষা পাবে। এখন শুধু অপেক্ষা করতে হবে।’





