প্রথম দুইদিন ভারতকে দারুণভাবে ভোগানো ডেল স্টেইন কেপটাউন টেস্টে আর বল করতে পারবেন না। বাঁপায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় এই সিরিজে তার খেলা হবে কি না, তা নিয়েও রয়েছে শঙ্কা।
২০১৬ সালের নভেম্বরের পর প্রথম টেস্ট খেলতে নেমে স্টেইন ইনসুইঙ্গারে ভারতকে দুইদিন দিশেহারা বানিয়েছেন। ঋদ্ধিমান সাহাকে যেভাবে এলবিডব্লিউ করেন সেটির তুলনা করা হচ্ছে গত ডিসেম্বরে অজি পেসার মিচেল স্টার্কের ‘শতাব্দীর সেরা বল’টির সঙ্গে।
ক্রিকইনফো জানিয়েছে, বল না করলেও প্রয়োজন হলে ব্যাট হাতে নামতে পারেন এই পেসার।
টেস্টের মাঝপথে দলের অন্যতম সেরা পেসারকে হারিয়ে হতাশ সাউথ আফ্রিকা। দলটির ম্যানেজারের কথায়ই সেটি স্পষ্ট, ‘আমরা চেষ্টা করবো যত দ্রুত তাকে ফিরিয়ে আনা যায়। তাকে আমাদের সামনের কয়েকদিনে বেশ দরকার হতো। আমাদের মতো সেও হতাশ হয়ে পড়েছে।’
দ্বিতীয়দিন চা বিরতির তিনটি বল আগে স্টেইনকে খোঁড়াতে দেখা যায়। তখন ওভার শেষ না করেই বাইরে চলে যান।
১৩ মাস আগে কাঁধে সার্জারি করান স্টেইন। তার আগে ২০১৫ সালের নভেম্বরে গলায় আঘাত পান।
২০১৫-১৬ সাল জুড়ে ইনজুরিতে থাকায় অনেকেই তার টেস্ট ক্যারিয়ার নিয়ে শঙ্কায় ছিলেন। এবার ফিরে এসে আবার ইনজুরিতে পড়ে সেই শঙ্কা জোরালো করলেন। এই সিরিজের বাকি টেস্টে না খেলতে পারলে মার্চে অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে তাকে। তার আগে ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে পারেন কি না সেটাও দেখার বিষয়।







