স্কুল ক্রিকেটে সেরা বগুড়ার পুলিশ লাইন্স

সুনামগঞ্জের সরকারী জুবিলি হাইস্কুলকে ৬ উইকেটে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০১৭-১৮ এর শিরোপা ঘরে তুলেছে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। রোববার ফাইনালে দাপুটে জয় দিয়েই শিরোপা নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হয়ে আসা স্কুলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২.৪ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় সুনামগঞ্জের সরকারী জুবিলি হাইস্কুল। সর্বোচ্চ ১৫ রান আসে এসআই তামিমের ব্যাটে। ওপেনার জুয়েব মামুন করেন ১৩ রান। অন্য কেউ বলার মতো স্কোর পায়নি।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষে রাকিবুল ইসলাম সজিব ১৮ রান খরচায় ৩ উইকেট আর আরাফাত ইসলাম ২০ রানে নেয় ৩ উইকেট।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বগুড়ার দলটি। অধিনায়ক রাকিবুল ইসলাম সজিব ১৮ রান করে অপরাজিত থাকে, সঙ্গে অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালের সেরা খেলোয়াড়ও এই ক্রিকেটার। রেদওয়ান ১৩, মাহফুজ ১২ আর খালেদ মাহমুদ অপরাজিত থাকে ১২ রানে।

একটি সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৪২৭ রান তুলে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান মানিকগঞ্জ মডেল হাইস্কুলের রেজাউল ইসলাম। ২৮ উইকেট তুলে সেরা বোলার চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলের মোর্শেদ আলম। আর ১৪ উইকেট ও ৪২৭ রান তুলে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছে মানিকগঞ্জ মডেল হাইস্কুলের রেজাউল ইসলাম।
দেশের ৫৫৪টি স্কুলের ১১ হাজারেও বেশি ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে মোট ম্যাচ হয়েছে ৯৭৯টি।
৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে স্কুল ক্রিকেটের এই জাতীয় আসরের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ২০১৬-১৭ আসর থেকে অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পেয়েছে ১৪ ক্রিকেটার। আর অনূর্ধ্ব-১৭ স্কোয়াডে খেলছে গত আসরের ১৫ ক্রিকেটার।






