বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের ম্যাচে হ্যাটট্রিক করেছে পিরোজপুর কাউখালি সরকারি হাই স্কুলের জুনায়েদ। এ ডানহাতি পেসারের হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকারে টাউন হাই স্কুলকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কাউখালি স্কুলের দলটি।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে জুনায়েদের বোলিং নৈপুণ্যের সামনে দাঁড়াতেই পারেনি টাউন হাই স্কুল। আগে ব্যাট করা দলটি গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। সজীব সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকে, জিহাদের ব্যাট থেকে আসে ১৬। দলের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি।
দলীয় ৩০ রানে একে একে আকাশ, মাইনুল ও পলাশকে ফিরিয়ে চলতি আসরের নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পায় জুনায়েদ। ২৬ রান খরচায় এ পেসার নিয়েছে ৬ উইকেট।
২৩ ওভার আর ৮ উইকেট হাতে রেখে টাউন হাই স্কুলের বিপক্ষে জয় নিশ্চিত করে কাউখালি স্কুল। ৩০ রান করে অপরাজিত থাকে হৃদয়, অঙ্কুর ও সিয়ামের ব্যাট থেকে আসে সমান ১৬ করে।
নিজের প্রথম ও আসরের দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিয়ে ম্যাচসেরা জুনায়েদ।







