জাতীয় স্কুল ক্রিকেটে চট্টগ্রাম জেলা পর্যায়ের খেলায় ২৬১ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন সানশানইন গ্রামার স্কুলের সাজ্জাদ হোসেন। ৫০ ওভারের ম্যাচে চট্টগ্রাম কলিজিয়েট স্কুলের বিপক্ষে ১১৫ বলে ২৯ চার ও ১৫ ছক্কায় সাজান অপরাজিত ইনিংসটি।
চট্টগ্রামের ওমেন্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৪৮৯ রান তোলে তামিম ইকবালের সাবেক স্কুল সানশাইন গ্রামার।
সাজ্জাদের ডাবল সেঞ্চুরির পাশাপাশি আব্দুল্লাহ আল শাফায়েত খেলেন ৮৫ বলে ১২২ রানের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম কলিজিয়েট হাই স্কুল। ওবায়দুর রহমান ও জায়েদ তামিম নেয় ২টি করে উইকেট।
অন্যদিকে, নড়াইল জেলা পর্যায়ের ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন হবখালি হাই স্কুলের বুলবুল। তার বোলিং তোপে বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৪৯ রানে জিতেছে হবখালি হাই স্কুল।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় হবখালি হাই স্কুল। ইনিংস সেরা ৩৪ রান করেন অধিনায়ক বুলবুল। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১০৬ রানে গুটিয়ে যায় বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ৭.২ ওভারে ২৩ রান খরচায় ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা বুলবুল।








