আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

ছবি : সংগৃহীত
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কার্যালয়ে ঢুকে পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলা, মারধর ও অসদাচরণের অভিযোগে চিকিৎসক জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘আমরা অভিযোগের ভিডিওটি দেখেছি। এর ভিত্তিতে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। যে চিকিৎসক আইইডিসিআরের পরিচালকের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
হামলার ঘটনার ভিডিওতে আরও কয়েকজনকে দেখা গেছে। এ প্রসঙ্গে ড্যাব মহাসচিব জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিরা ড্যাবের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত একজনকে শনাক্ত করা গেছে। বাকিদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ যদি ড্যাবের সদস্য হিসেবে চিহ্নিত হন, তবে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা কোনোভাবেই কাউকে প্রশ্রয় দেব না। ড্যাবের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে ওই ঘটনায় স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব আরিফ আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।






