যুক্তরাষ্ট্র নয়, স্নায়ুকোষের নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বলিউড অভিনেতা ইরফান খান। রবিবার (১৮ মার্চ) সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
লন্ডনে থাকা এক ভারতীয় চিকিৎসক তাঁর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন ইরফানের এক ঘনিষ্ঠ বন্ধু। এরই মধ্যে ইরফানের বেশ কিছু পরীক্ষা করার পর জানা গেছে এই মুহূর্তে ইরফানের জীবন নিয়ে কোন ঝুঁকি নেই এবং তাঁর টিউমার নিরাময়যোগ্য।
প্রথমে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করা হয়। আগামী কয়েকমাস ইরফান লন্ডনেই থাকবেন। সবার আশা, সম্পূর্ণ সুস্থ হয়েই আবার বলিউডের আঙিনায় ফিরে আসবেন ইরফান খান।
এর আগে ৫ মার্চ টুইটারে ইরফান খান জানান, তিনি বিরল রোগে ভুগছেন। শিগগিরই রোগটির নাম জানাবেন বলেও প্রতিশ্রুতি দেন ৫১ বছর বয়সী এই তারকা। তারপর নিজেই সবাইকে স্নায়ুকোষে টিউমারের খবরটি দিয়েছিলেন।







