বাংলাদেশ

দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে অস্থিরতা সৃষ্টি, জ্বালাও-পোড়াও ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ানোর যেকোনো অপচেষ্টা নস্যাৎ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব অপতৎপরতা সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করে দেব।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে, এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে শ্রমিকেরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে একটি পক্ষ তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করতে পারে। এ চেষ্টা সফল হবে না বলে তিনি মনে করেন।

তিনি বলেন, সীমান্তের ওপার থেকে যারা জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, তাদের তৎপরতা দেশের ভেতরে কার্যকর হতে দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মশাল মিছিলের খবর পাওয়া গেলেও সেগুলোকে বড় ধরনের ঘটনা হিসেবে দেখছেন না তিনি।

সীমান্তে বিজিবির অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাদের জানা নেই। তবে দেশের ভেতরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।

ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিসংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। অপ্রাসঙ্গিক বক্তব্যের জবাব তিনি দিতে চান না। এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিষয়:অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা মজুরি বোর্ড রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…