অর্থনীতি

‘বীমা খাতের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালীরা বাধা দেওয়া শুরু করে’

‘বীমা খাতের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালীরা বাধা দেওয়া শুরু করে’

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বীমা খাতের পরিস্থিতি ব্যাংকিং খাতের চেয়ে ভালো নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা খাতের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রভাবশালী ব্যক্তিরা বাধা দিতে শুরু করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত যে অবস্থায় পৌঁছেছে, বীমা খাতের অবস্থাও একই রকম। বীমা কোম্পানিগুলো অর্থের অপব্যবহার করেছে। গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করে সম্পত্তি কিনেছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে।

আমির খসরু বলেন, এখন এইখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।

বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে অর্থমন্ত্রী জানান, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা বীমা প্রিমিয়াম পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। অথচ বীমা সুরক্ষার সুবিধা নিয়ে পণ্য আমদানি করা হয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে হবে।

কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে-বিদেশে আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক কথা শুনতে হয়। এ পরিস্থিতির পরিবর্তনে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শের ওপর গুরুত্ব দেন তিনি।

সংস্কার কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, সরকার যতই উদ্যোগ নিক, অংশীজনদের সহযোগিতা ছাড়া সংস্কার সফল হবে না। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের স্বার্থে প্রয়োজনে কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিতেও সরকার প্রস্তুত রয়েছে।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরী বীমা খাত ব্যাংকিং খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…