থেমে যাচ্ছে ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের পথচলা, জানালেন সিনা হাসান

দেশের ব্যান্ড সংগীতের পরিচিত নাম ‘বাংলা ফাইভ ব্যান্ড’। ‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ কিংবা ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’র মতো গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছে ব্যান্ডটি। তবে এবার শেষ হতে যাচ্ছে বাংলা ফাইভের যাত্রা।
আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন এর অন্যতম উদ্যোক্তা ও সংগীতশিল্পী সিনা হাসান।
শনিবার (২৮ নভেম্বর) বাংলা ফাইভের ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে সিনা হাসান জানান, আগামী ছয় মাসের বেশি সক্রিয় থাকবে না ব্যান্ডটি। এই সময়ের মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি কনসার্টে পারফর্ম করার পরিকল্পনা রয়েছে তাদের। এরপর আনুষ্ঠানিকভাবে ব্যান্ডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
ব্যান্ডটির পথচলার শুরু ২০১৫-১৬ সালের দিকে। সিনা হাসানের প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ প্রকাশের পর থেকেই ‘বাংলা ফাইভ’ নামে লাইভ পারফর্ম করতে শুরু করেন তারা। ২০১৯ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কনফিউশন’। এরপর ২০২২ সালে আসে ‘লুকিয়ে থাকার সময়’। পাশাপাশি প্রকাশিত হয়েছে বেশ কিছু একক গান।
বিশেষ করে ‘তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পায় বাংলা ফাইভ। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সিনা হাসান। এ ছাড়া ‘সন্ধ্যা নামায় রাখি (তুই ফিরবি বলে)’ গানটিও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যান্ডটির ভাষ্য অনুযায়ী, গানটি বাংলা ব্যান্ডের গান হিসেবে টিকটকে সর্বাধিক ব্যবহৃত গানগুলোর একটি হয়ে ওঠে।
বিবৃতিতে সিনা হাসান স্মৃতিচারণা করেছেন ব্যান্ডটির শুরুর দিকের ব্যস্ত সময়ের। বিশেষ করে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়মিত কনসার্ট করেছে বাংলা ফাইভ। দেশের বিভিন্ন প্রান্তে পারফর্ম করার পাশাপাশি পেয়েছে উল্লেখযোগ্য গণমাধ্যমের প্রচার ও স্বীকৃতি। উত্তরবঙ্গে সবচেয়ে বেশি কনসার্ট করার কথাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বাইরেও পারফর্ম করেছে বাংলা ফাইভ ব্যান্ড। ভারতের কৃষ্ণনগর ও পাটুলি মেলার মাঠে একই মঞ্চে সংগীত পরিবেশনের অভিজ্ঞতা হয়েছে তাদের। সেখানে মহীনের ঘোড়াগুলির সদস্য তাপস দাস (বাপী দা), শিলাজিৎসহ আরও অনেক শিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছে ব্যান্ডটি। ভারত ও নেপালে তাদের কয়েকটি কনসার্ট বাতিল হওয়ার কথাও বিবৃতিতে উল্লেখ করেছেন সিনা।
কোভিড মহামারির পর ধীরে ধীরে আড়ালে চলে যায় বাংলা ফাইভ। ২০২২ সালে কোনো আনুষ্ঠানিক প্রচারণা বা গণমাধ্যমে ঘোষণা ছাড়াই প্রকাশ করে ‘লুকিয়ে থাকার সময়’ অ্যালবামটি। এমনকি সচেতনভাবেই ব্যান্ডটির সদস্যরা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত ছিলেন বলে জানিয়েছেন সিনা হাসান। তবে ২০২১ সালের সহিংসতাবিরোধী কনসার্টের মধ্য দিয়ে আবারও মঞ্চে ফেরে ব্যান্ডটি। ২০২৩ সাল পর্যন্ত টুকটাক কনসার্ট ও পারফরম্যান্সও অব্যাহত ছিল।
তবে সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা থেকে ব্যান্ডটির যাত্রা থামানোর সিদ্ধান্ত নিয়েছেন সদস্যরা। সিনা হাসানের ভাষায়, গত দুই বছরের পারফরম্যান্স ও শ্রোতাদের সঙ্গে সম্পৃক্ততা, কোনো কিছু নিয়েই তারা সন্তুষ্ট নন। তাই নতুনভাবে সংগীতের যাত্রা শুরুর লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
বিবৃতির শেষাংশে বাংলা ফাইভের দীর্ঘ পথচলায় পাশে থাকা শ্রোতা, আয়োজক, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিনা হাসান। একই সঙ্গে ব্যান্ডটিকে আরেকবার মঞ্চে দেখতে চাইলে আগামী ছয় মাসের মধ্যে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেছেন তিনি।
বাংলা ফাইভের যাত্রা শেষ হলেও সংগীত থেকে সরে যাচ্ছেন না এর সদস্যরা। বরং ব্যান্ডের বাইরে ব্যক্তিগতভাবে ভিন্ন পথে সংগীতচর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন কিছু শুরুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।





