মেয়েদের ক্রিকেটে টানা ফিফটি ও সর্বোচ্চ ফিফটির বিশ্বরেকর্ডে শুরু হয়েছিল মিতালি রাজের বিশ্বকাপ। ভারত অধিনায়ক ব্যাটে রানবন্যা ছুটিয়ে বুধবার নারী বিশ্বকাপে গড়ে ফেললেন আরেকটি বিশ্বরেকর্ড। মেয়েদের ওয়ানডেতে প্রথম ব্যাটসওম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন তিনি।
বয়সটা ৩৪ পেরিয়ে গেছে। কিন্তু সেটি কোনভাবেই অন্তরায় হয়ে দাঁড়াতে পারছে না রান মেশিন মিতালির সামনে। ভারত অধিনায়কের অপেক্ষা ছিল ৪১ রানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি পূর্ণ করে পৌঁছে গেছেন ইতিহাসের অনন্য চূড়ায়।
ব্রিস্টলে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে তিনে নেমে ৩০তম ওভারে এসে মাইলফলক স্পর্শ করেন মিতালি। লেগস্পিনার ক্রিস্টেন বিমসকে ছয় হাঁকিয়ে ছয়হাজারি বনে যান তিনি।
মেয়েদের ক্রিকেটে বড় নাম শার্লট এডওয়ার্ডস। এই ইংলিশ অলরাউন্ডার তার ওয়ানডে রান ৫,৯৯২তে রেখে গত বছর আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন। অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক ৪,৮৪৪ রান নিয়ে তিনে আছেন।
মিতালির ওয়ানডে অভিষেক ১৯৯৯ সালে। খেলছেন ১৮৩টি ম্যাচ। আর ৯টি ওয়ানডে খেললেই এডওয়ার্ডসকে সর্বোচ্চ ওয়ানডের তালিকাতেও পেছনে ফেলবেন এই ভারতীয়। এর মাঝেই ৫টি সেঞ্চুরি এবং ৪৯টি ফিফটিতে ৫১.৩৭ গড়ে ছয় হাজার ছুঁয়ে ফেললেন।
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মিতালি মেয়েদের ক্রিকেটে টানা ৭টি ইনিংসে হাফসেঞ্চুরি করার একমাত্র কীর্তিটি গড়েছিলেন। একই ফিফটি দিয়ে মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডটিও নিজের দিকে টেনে নেন। সেটিই এগিয়ে নিচ্ছেন। বই পড়ুয়া হিসেবেও বিশেষ খ্যাতি আছে তার।







