জাতীয় দলের ব্যস্ততা শেষ করে সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে নামতেই ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান। শেষ ছয়ের সুপার লিগে খেলার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে তারা। সাকিব খেলেছেন এমন চার ম্যাচেই দলটি পেয়েছে জয়। অন্যদিকে মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ পুরোপুরি নির্ভার। সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে ২ ম্যাচ আগেই।
মোহামেডানের ৯ ম্যাচে ৯ পয়েন্ট। তারা আছে ষষ্ঠ অবস্থানে। এই অবস্থান ধরে রাখতে পারলেই তারা যাবে পরের ধাপে। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মাশরাফীর রূপগঞ্জ।
সমান ১৬ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার আসরের দশম রাউন্ডে মিরপুরে মাশরাফীরা খেলবে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে থাকা ঢাকা লিওপার্ডসের বিপক্ষে।
সাকিবের মোহামেডানের পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ ১১ নম্বরে থাকা শাইনপুকুর।
দুই দলের বড় তারকা সাকিব-মাশরাফীর হঠাৎ করেই দেখা হয়েছিল মিরপুরে। বুধবার দুপুরে তাদের আড্ডা দিতেও দেখা যায়।








