বাংলাদেশ

সাজা বাড়িয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০১৯’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

সাজা বাড়িয়ে সামুদ্রিক মৎস্য আইন ২০১৯’র খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে জেল-জরিমানার বিধান রেখে ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০১৯-এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নতুন আইনে এ সংক্রান্ত অপরাধের জন্য অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড অথবা বা উভয় দণ্ড প্রদানের বিধান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার তেজগাঁওস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন প্রদান করা হয়।

‘মন্ত্রিসভা বাংলাদেশের সীমানায় দেশি-বিদেশি মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিয়ন্ত্রণে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড অথবা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘সামুদ্রিক মৎস্য আইন, ২০১৯’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে,’ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, ‘নতুন আইনে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে বাধা প্রদান, মৎস্য নৌযান, ইত্যাদির ক্ষতিসাধন, প্রমাণাদি ধ্বংস ইত্যাদি অপরাধে দণ্ড যৌক্তিক পরিমাণে বৃদ্ধি করে অনধিক দু’বছরের কারাদণ্ড বা অপরাধ ভেদে ১০ লাখ টাকা এবং অনধিক ২৫ লাখ টাকা আর্থিক দণ্ডের বিধান করা হয়েছে।’

অধ্যাদেশে শাস্তির মেয়াদ অনধিক ৩ বছর এবং জরিমানা ৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ছিল।

সচিব বলেন, নিষিদ্ধ ঘোষিত সময়ে উক্ত এলকায় মৎস্য আহরণ, সমুদ্র যাত্রার অনুমতি ছাড়া মৎস্য আহরণ, আগমনী বার্তা প্রদান না করার অপরাধের দায়ে আহরিত মাছের মূল্যের সমপরিমাণ এবং তিন গুণ পরিমাণ প্রশাসনিক জরিমানা আরোপ করা যাবে।’ অপরাধ বিচারের ক্ষমতা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্টের এখতিয়ারাধীন রাখা হয়েছে।’

সচিব বলেন, প্রস্তাবিত আইন কার্যকর হলে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণ, এর টেকসই মজুদ ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য খাতে ব্লু-ইকোনমির সর্বাধিক উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য সম্পদের ব্যবস্থাপনা, আহরণ, সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে দেশের জনগণের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিই এই আইন প্রণয়নের লক্ষ্য।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এদিন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’ এবং ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯’এর খসড়ার নীতিগত অনুমোদন প্রদান করে মন্ত্রিসভা।

এছাড়া, ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ‘বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড’ শীর্ষক কোম্পানি গঠনের প্রস্তাব এবং উক্ত কোম্পানির মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (এমওএ) এবং আর্টিক্যালস অব এসোসিয়েশন (এওএ) এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান আইনে কমিশন কর্তৃক ট্যারিফ কোনো অর্থবছরে একবারের বেশি পরিবর্তন করা যায় না। তা সংশোধন করে প্রস্তাবিত আইনে এক বা একাধিকবার পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোন অর্থবছরে কমিশন তার একক বা পৃথক আদেশে, প্রয়োজন অনুসারে এক বা একাধিকবার পরিবর্তন করতে পারবে।’

তিনি বলেন, গত ২৫ থেকে ২৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর তুরস্ক সফর এবং ১৯-২০ নভেম্বর তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত তুরস্ক যৌথ কমিশনের পঞ্চম সভায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের যোগদানের বিষয়েও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…