মানুষের সম্মান অনেক দামি। সেটা বাঁচাতে যত বেশি দরকার ঠিক ততটাই খরচ করা যায়। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষেত্রে বিষয়টা অন্তত তেমনই। ব্রিটিশ মিডিয়ার খবর, ধর্ষণ অভিযোগের জাল কেটে বের হতে ইতিমধ্যেই ১০ লাখ ডলার খরচ করে ফেলেছেন সিআর সেভেন।
তো কীভাবে খচর করলেন এই বিপুল পরিমাণ অর্থ? ইউকে এক্সপ্রেসের দাবি, মার্কিন মডেল ক্যাথেরিন মায়োরগাকে চুপ করাতে বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের নিয়োগ করেছেন রোনালদো। বড় আইনজীবী, গোয়েন্দা, ফরেনসিক বিশেষজ্ঞ, ডাক্তার এবং পাবলিক রিলেশন্স বিশেষজ্ঞদের জন্য এই অর্থ খচর করেছেন।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মায়োরগাকে রোনালদো ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ। যা নস্যাৎ করে দুদিন আগেও পর্তুগিজ তারকার আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন বলেছেন, ধর্ষণ নয়, সেদিন যা হয়েছিল তা মায়োরগার সম্মতিতেই হয়েছে।
ওই ঘটনার পর গোপনীয়তা রক্ষার জন্য মায়োরগার সঙ্গে একটি চুক্তি করেন রোনালদো। চুক্তিপত্রে সই করার জন্য মায়োরগাকে তখন ৩ লাখ ৭৫ হাজার ডলার দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার।
মায়োরগার আইনজীবী লেসলি মার্ক স্টোভাল সেই চুক্তি নাকচ করে নতুন অভিযোগ এনেছেন।
ব্রিটিশ ওই পত্রিকাটি জানায়, নতুন অভিযোগ ওঠার পর রোনালদো তার পর্তুগিজ আইনজীবী কার্লোস ওসোরিও দে কোস্তাকে বলেন নতুন একটি টিম তৈরি করতে। যে টিমের কাজ হবে রিয়ালের সাবেক তারকাকে কলঙ্কমুক্ত করা।
রোনালদোর লাস ভেগাসের আইনজীবী পিটার ক্রিস্টিয়ানসেন বলেছেন, ‘আমরা বিভিন্ন বিভাগের কাছে জানতে চেয়েছি, রোনালদো, কোনও ব্যক্তি বা তার সঙ্গে জড়িত কোনও সংস্থা কোনও আইন ভেঙেছে কি না?’
আগের চুক্তি সম্পর্কে ক্রিস্টিয়ানসেনের ভাষ্য, ‘ওই চুক্তি ছিল মানেই, অপরাধের প্রমাণ পাওয়া যায় না।’










