ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণার একদিন পর দুই দেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটি বন্ধ করে দিল পাকিস্তান।
বৃহস্পতিবার ওয়াগা সীমান্তে ট্রেনটি আটকে দেয়া হয়। ট্রেনটিতে ১১০ জন যাত্রী ছিলেন যারা লাহোর থেকে ভারত আসছিলেন।
পরে অবশ্য ক্রু ও প্রহরীদের ভারতে নিয়ে আসা হয়েছে বলে রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, আমি মন্ত্রী থাকা পর্যন্ত সমঝোতা এক্সপ্রেস আর চলবে না। তবে ভারতের রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সমঝোতা এক্সপ্রেস চলাচল বাতিল করা হয়নি।
নর্দার্ন রেলওয়েও মুখপাত্র দীপক কুমার বলেন, সমঝোতা চলাচল বন্ধ হয়নি। এটি চলবে। পাকিস্তান কর্তৃপক্ষ ট্রেনটির ক্রু এবং প্রহরীদের নিরাপত্তার বিষয়ে সংশয় জানিয়েছে। আমরা তাদের জানিয়েছি এই অংশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, পরে ইঞ্জিনসহ ক্রু এবং প্রহরীদের আত্তারিতে নিয়ে আসা হয়েছে। ট্রেনটিতে ভারতের ৭০ জন যাত্রী ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ট্রেনটিতে তিনটি স্লিপার এবং একটি এসি থ্রি-টায়ার কোচ রয়েছে। সিমলা চুক্তির মাধ্যমে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চলাচল শুরু করে সমঝোতা এক্সপ্রেস।







