আন্তর্জাতিক

হত্যাচেষ্টার অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার ডেনমার্কের

হত্যাচেষ্টার অভিযোগে রুশ কূটনীতিককে বহিষ্কার ডেনমার্কের

ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার কিয়েভস্টোনারকে হত্যার পরিকল্পনায় রুশ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার সন্দেহে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে (সামরিক প্রতিনিধি) বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। আগামী সাত দিনের মধ্যে তাকে দেশ ছাড়তে হবে। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি দেশটির নাগরিকদের জন্য শেনজেন ভিসা স্থগিতের বিষয়টিও বিবেচনা করছে ডেনিশ সরকার।

আল জাজিরা জানিয়েছে, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে। এসময় রাশিয়ার উদ্দেশে তিনি বলেন, আমরা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আপনাদের পরিকল্পনা আমরা উদ্ঘাটন করেছি।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে ডেনমার্কে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল র‍্যাপার কিয়েভস্টোনারের। তার প্রকৃত নাম আলবার্ট ভিক্টোরোভিচ ভাসিলিয়েভ। তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দ্বৈত নাগরিক। কনসার্টের আগেই তাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করে দেয় ডেনিশ পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, কোপেনহেগেনের উত্তরে কনসার্টস্থলের দিকে যাওয়ার সময় তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি গুলিভর্তি পিস্তল ও দুটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে তাদের আটক করা হয়, কনসার্ট শুরুর মাত্র পাঁচ মিনিট আগে। পরে একই রাতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের একজন কনসার্টের টিকিটও কিনেছিলেন। নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়।

ডেনমার্কের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান রাসমুস কিফার-ক্রিস্টেনসেন জানান, তাদের মূল্যায়ন অনুযায়ী, রুশ গোয়েন্দা সংস্থাই ওই হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কিফার-ক্রিস্টেনসেন আরও বলেন, ডেনমার্কে এই ধরনের রুশ হত্যাচেষ্টার ঘটনা আগে ঘটেনি। এটি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী ও ঝুঁকিপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ।

বিষয়:ডেনমার্ক বহিষ্কার হত্যাচেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…