বাংলাদেশ

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল দেড় বছরের শিশু

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল দেড় বছরের শিশু

প্রতীকী ছবি

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মায়ের মৃত্যুর পরদিন না ফেরার দেশে চলে গেল দেড় বছরের শিশু আরিস রহমান মাহাদ।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শিশুটির মা ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
এই দুর্ঘটনায় দগ্ধ আরও তিনজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, মাহাদের বাবা আব্দুর রহমান মানিক (৩২) শামসুন্নাহার বেগম (৫২) ও তার মেয়ে গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০)। চিকিৎসকের তথ্যমতে, মানিকের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মানিক ওই ফ্ল্যাটে সপরিবারে সাবলেট থাকতেন।
দগ্ধ আব্দুর রহমান মানিক জানান, বৃহস্পতিবার সকালে বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে তিনি দেখেন নিজের শরীরে আগুন জ্বলছে এবং পাশে ঘুমিয়ে থাকা ছেলে মাহাদও দগ্ধ হচ্ছে। ছেলেকে কোলে নিয়ে বের হওয়ার সময় তিনি স্ত্রী সাবা, শামসুন্নাহার ও সানজিদাকেও দগ্ধ অবস্থায় দৌড়ে বেরিয়ে আসতে দেখেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে মানিক জানান, তাদের ফ্ল্যাটে নিচতলায় রাখা সিলিন্ডার থেকে বোতলজাত গ্যাস সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাস লিক হয়ে ফ্ল্যাটের ভেতরে জমে ছিল এবং সকালে তার স্ত্রী নাশতা তৈরি করতে গেলে এই বিস্ফোরণ ঘটে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। লিকেজ থেকে জমে থাকা গ্যাসেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়:কাঁঠালবাগান গ্যাস লিকেজ দেড় বছরের শিশু মাহাদ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…