উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ার নিরাপত্তায় আগাম সতর্কতায় কিশোরগঞ্জ শহরে রমজান মাসে নতুন এবং অপরিচিত কাউকে বাড়িভাড়া দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
শহরে অপরিচিত এবং সন্দেহভাজন কাউকে দেখা গেলে পুলিশকে জানাতে বলেছে প্রশাসন। র্যাব-পুলিশের পাশাপশি ঈদের এক সপ্তাহ আগে থেকে শহরে মোতায়েন থাকবে বিজিবি। গেল বছরের অভিজ্ঞতায় এবার বাড়তি সতর্কতা।
গত বছর রমজানে হলি আর্টিজান ঘটনার পর রোজার ঈদে উপমহাদেশের সবচেয়ে বড় শোলাকিয়ার ঈদ জামাতের কাছাকাছি জঙ্গি হামলায় ২ পুলিশসহ নিহত হয় ৩ জন। হামলাকারীদের আটক করে পুলিশ জানতে পারে, এক মাস আগে স্থানীয় গুরুদয়াল কলেজের ছাত্র পরিচয় দিয়ে কিশোরগঞ্জ শহরে বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা।
পরে ওই বাড়ির মালিককেও আটক করে পুলিশ। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় এবার আগে থেকেই অতিরিক্ত সতর্ক অবস্থানে প্রশাসন।
পুলিশ বলছে, রোজার শুরু থেকেই কিশোরগঞ্জমুখী সব হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে। শহরে সন্দেহভাজন এলাকায় নিরাপত্তা তল্লাশির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
এবার শুধু ঈদগাহ ময়দানে নয়, শোলাকিয়া মাঠে ঢোকার সব রাস্তা এবং শহরের স্পর্শকাতর সব এলাকা ঈদের সাত দিন আগে থেকে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







