সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে ম্যাচের নায়ক হয়ে থাকলেন গোলকিপার ফয়সাল আহমেদ।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মোহাম্মদ শাওনের ক্রস বক্সের জটলার মধ্যে পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফাহিম মুর্শেদ। ৬৩ তম মিনিটে অবিনাশের দূরপাল্লার শটে সমতায় ফেরে গত আসরের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। কিশোরদের ফুটবল টুর্নামেন্টে অতিরিক্ত ৩০ মিনিট খেলার নিয়ম নেই। সুতরাং, বিজয়ী দল নির্ধারণে ম্যাচ গড়াল টাইব্রেকারে।
ফাহিম মুর্শেদ, জাহাঙ্গীর আলম, আতিকুজ্জামান ও সাদউদ্দিনের দারুণ সব শট গোলরক্ষককে বোকা বানায়। ভারতের অভিজিৎ সরকারের শট বারে লাগার পর মোহাম্মদ সাকলাইন খানের শট অসাধারণ দক্ষতায় গোলরক্ষক ফয়সাল আহমেদ রুখে দিতেই বাংলাদেশর জয় নিশ্চিত হয়ে যায়।
পেনাল্টি শুটআউটে প্রথম শট থেকে গোল করেন বাংলাদেশের ফাহিম মোর্শেদ। প্রথম শট থেকে গোল পান ভারতের সৌরভও। দ্বিতীয় শটে বাংলাদেশের গোলটি করেন জাহাঙ্গীর আলম সজীব, আর ভারতের মোহাম্মদ রাকিব।
তবে তৃতীয় শটে বাংলাদেশের আতিকুজ্জামান আতিক গোল পেলেও ব্যর্থ হন ভারতের অভিজিৎ সরকার। তার নেয়া শটটি ডান পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের চতুর্থ শটে নেয়া সাদউদ্দিনও গোল করেন। ভারতের সাকলাইনের নেয়া গড়ানো শট ডান দিকে ঝাপিয়ে ফয়সাল ঠেকিয়ে দিতেই শিরোপা উৎসবে সারা বাংলাদেশ।
এই ভারতের বিপক্ষে গ্রুপপর্বেও ২-১ গোলে জিতেছিলো বাংলাদেশ। তবে ওই ম্যাচে গোলকিপার ফয়সালের ছোট ভুলে একটি গোল খেয়ে ছিলো বাংলাদেশ। আজ সে কথা মাথায় রেখেই হয়তো গোলবারের নিচে দাঁড়িয়ে ছিলেন তিনি। শুধু দাঁড়ানো নয়, প্রথম ম্যাচের ভুল শুধরে শিরোপা জেতার নায়ক হয়েই থাকলেন ফয়সাল।






