ক্রিকেট

শেষ ওভারে ৬ রান নিয়ে উইন্ডিজকে হারাতে পারল না নিউজিল্যান্ড

বঙ্গবন্ধু স্টেডিয়ামে নারী ক্রিকেটাররা উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ভারতের বিপক্ষে সদ্যই সিরিজ জেতা আত্মবিশ্বাসী কিউইদের মাটিতে নামালেন ম্যাথিউস-ডটিনরা।

শুক্রবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১৯ রানের দানবীয় ইনিংসের পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন উইন্ডিজ ওপেনার হেলি ম্যাথিউস।

মাউন্ট মঙ্গানুইতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। তৃতীয় ওভারে প্রথম সাফল্য আসে তাদের। ১২ রানে ডিন্ড্রা ডটিনকে সাজঘরে ফেরান লি তানহু। পরে ৫ রান করে জেস করের বলে আউট হন নাইট।

তৃতীয় উইকেটে অধিনায়ক স্টেফানি টেলরকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন ম্যাথিউস। ৩০ রান করে স্টেফানি আউট হন তানহুর বলে ক্যাচ হয়ে। পরের ক্যাম্পবেলেকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন ম্যাথিউস।

ক্যাম্পবেলে ২০ রানে সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ম্যাথিউস। ব্যক্তিগত ১১৯ রানে আউট হন করের বলে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে সুজি বেটসকে হারায় নিউজিল্যান্ড। ১৩ রান করে অ্যামেলিয়া কর আউট হন ম্যাথিউসের বলে। ৩১ রান করা অ্যামি স্যাটারদোয়েট আউট হন আনিসা মোহাম্মেদের বলে।

পরে ৩৯ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় টুর্নামেন্টের ফেভারিট দলটি। একপ্রান্ত আগলে তখনও ব্যাটিং লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক ডিভাইন। ১০টি চারে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ১০৯ রান করে ডিভাইন কাটা পড়েন হেনরির বলে।

শেষদিকে মার্টিন এবং জেস করের জুটিতে আবারও আশা দেখতে শুরু করে কিউইরা। শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৬ রান। ডটিনের কৌশলী বোলিংয়ে তা নিতে ব্যর্থ হন কিউইরা।

ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মার্টিন। ২ বল পরে ক্যাচ হয়ে ফেরেন কর। পঞ্চম বলে ফ্রান জোনাসকে ফিরিয়ে রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ নারী বিশ্বকাপ ২০২২ নিউজিল্যান্ড ম্যাথিউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…