দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাবাদের জন্য বিশেষ টিম (সেল) গঠন করছে পুলিশ। এ কারণে আজ থেকে সাত দিনের রিমান্ড শুরু হলেও এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি।
দিনাজপুর পুলিশের সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে: ধর্ষক সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। তাই আসামিকে এখনও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি। প্রকৃত ঘটনা জানতে বাছাইকৃত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ সেলের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সেক্ষেত্রে বিশেষ সেল গঠন সাপেক্ষে আজ (শুক্রবার) রাত থেকেই সাইফুলের জিজ্ঞাসাবাদ শুরু করা হতে পারে।
ধর্ষণের আলামত সংগ্রহে ইতিমধ্যে ভিক্টিমের (শিশুটির) পোশাক-পরিচ্ছদ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
গত ১৮ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির বাইরে খেলতে যাওয়ার পর ধর্ষণের শিকার ওই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজেও তাকে না পাওয়ায় রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা।
পরে ১৯ অক্টোবর ভোর ৬টায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষণের ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে ‘ধর্ষক’ সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে মামলার আসামী আফজাল হোসেন কবিরাজকে (৪৮) এখনো পালাতক রয়েছে।









