মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিপক্ষের সঙ্গেও কাজ করতে রাজি আছে ইরান। নিজেদের রক্ষা করার অধিকার ইরানের রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করে তার ওপর কর্তৃত্ব ফলানো প্রবণতা ইরানের মধ্যে কাজ করে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার।
মঙ্গলবার প্রচারিত ওই সাক্ষাৎকারে মাসুমেহ আরো বলেন, জঙ্গিবাদ দমনে এক সঙ্গে কাজ করে ইরান পুনরায় তার প্রতিবেশি দেশগুলোর বিশ্বাস অর্জন করতে চায়।
তিনি আরো বলেন, বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো কোনো দেশ ইরানকেই দায়ী করে থাকে।
দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিরিয়ার যুদ্ধে ইরান অর্থ ও অস্ত্র দিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহয়তা করছে। একই সঙ্গে ইরান ইয়েমেনে হাউথি বিদ্রোহের সময় মুসলিম জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে সাহায্য করার অভিযোগও রয়েছে।
গত বছর ইরাকে উপদেষ্টা পাঠিয়ে ইরাকি সৈন্যদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসএস) বিরোধী যুদ্ধে ইরান বড় ভূমিকা পালন করেছে জানিয়ে মাসুমেহ বলেন, ইরান এখন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বে নিজেদের হারানো বিশ্বাস পুনরায় ফিরে পেতে প্রতিপক্ষ হিসেবে পরিচিত দেশগুলোর সঙ্গেও কাজ করবে।






