বুদ্ধিজীবী এবং বধ্যভূমি নিয়ে ইবরার টিপুর সুরে ও সংগীত পরিচালনায় গান করছেন ‘ভুল মানুষ’ খ্যাত শিল্পী পাপি মনা। ‘তোমাদের যা বলার ছিল বলছে কি এই দেশ’ শীর্ষক গানটির ভিডিও দেশের ৭১টি বধ্যভূমিতে চিত্রায়িত হবে বলে জানিয়েছেন পাপি মনা।
গানটির কথা লিখেছেন হাসান আহমেদ। বুদ্ধিজীবী দিবসের গান প্রসঙ্গে ইবরার টিপু বলেন, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান তারা। জাতিকে মেধায় পঙ্গু করে দেয়ার নীলনকশা থেক এই হত্যা। তাদেরকে শব্দ-সুরে স্মরণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এমন কাজ বেশি করে হওয়া উচিত।
শিল্পী পাপি মনা বলেন, তাদের আত্মদানের ওপর দাড়িয়ে আজকের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা ইঞ্চিকে বধ্যভূমি বানিয়েছিল পাকিস্তানী দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদররা।
সেই বধ্যভূমির স্মৃতি এবং শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশের কথা গানে গানে বলার চেষ্টা করব। ডিসেম্বরের ১ তারিখে গানটি ভিডিওসহ রিলিজ হবে। একটি বড় ইউটিউব কনটেন্ট প্রতিষ্ঠান থেকে।







