উচ্চ আদালতের নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের আলোচিত-সমালোচিত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) দায়িত্ব নিতে রাজি আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ।
তবে কোম্পানিতে কোনো স্বার্থান্বেষী মহল ও দুষ্ট লোক থাকলে তিনি এর দায়িত্ব ভার নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনের কাছে নিজের নিয়োগ বিষয়ে এভাবে প্রতিক্রিয়া জানান ইব্রাহীম খালেদ।
গত ২১ জানুয়ারি আইএলএফএসএল-এর স্বাধীন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট।
চেয়ারম্যান নিয়োগের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে জানাতে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়ে আদালত তার আদেশে বলেছেন, নতুন চেয়ারম্যানকে সুসজ্জিত স্বতন্ত্র অফিস কক্ষসহ মাসিক সম্মানী হিসেবে ৩ লাখ টাকা দিতে হবে।
আইএলএফএসএল বর্তমানে পাওনাদারদের অর্থ পরিশোধ করতে পারছে না। এমন অবস্থায় এই কোম্পানির দায়িত্ব নিয়ে তা কিভাবে পরিচালনা করবেন?
এমন প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে ইব্রাহীম খালেদ বলেন, ‘আমি শুনেছি হাইকোর্ট আমাকে নিয়োগ দেয়ার জন্য একটা নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমার কাছে এখনো এই বিষয়ে কোনো প্রস্তাব বা নিয়োগ প্রস্তাব আসেনি।’
‘‘যদি প্রস্তাব আসে তাহলে ওই কোম্পানির বিস্তারিত জানবো। পরিস্থিতি যাচাই-বাছাই করবো। কারণ ওই কোম্পানি সম্পর্কে খুব বেশি জানি না। খোঁজ নিয়ে দেখবো যদি কোম্পানিটিকে পুনরায় টেনেটুনেও দাঁড় করানো যায়; তাহলে কষ্ট হলেও আমি চেষ্টা করবো। সত্যিকার অর্থে আমি শারীরিকভাবে অসুস্থও।’’
এই দায়িত্ব নেয়া তার পক্ষে খুব বোঝা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘তবুও যদি দায়িত্ব নিয়ে মানুষের উপকার হয় তাহলে আমি চেষ্টা করবো। কিন্তু যদি দেখি সেখানে স্বার্থপর ও দুষ্ট লোকে ভরা এবং কেউ টাকা-পয়সা জমা রাখতে চায় না তাহলে হয়তো সেই দায়িত্ব আমার পক্ষে নেয়া সম্ভব হবে না। কারণ এটা তো আমার জন্য বাধ্যতামূলক নয়।’
ইব্রাহীম খালেদ বলেন, ‘যেহেতু এখনো প্রস্তাব আসেনি আমিও ওই কোম্পানি সম্পর্কে খুব অবগত নই, তাই এখনি এই বিষয়ে বলতে পারছি না। যদি দায়িত্ব নিই তখন পরিকল্পনা সম্পর্কে বলবো।’
নামে-বেনামে আইএলএফএসএল-এর মালিকানা নিয়ে প্রায় ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)।
এরপর ঘটনাটি সংবাদমাধ্যম খবর ছড়িয়ে পড়লে হাইকোর্টে রিট করা হয়। রিটের আদেশে আইএলএফএসএলকে দেউলিয়া ঘোষণা না করে আমানতকারীদের বৃহৎ স্বার্থে দক্ষ লোক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেন আদালত।
সেই পরিপ্রেক্ষিতে অর্থনীতিবদ ইব্রাহিম খালেদকে নিয়োগ দেয়ার নির্দেশনা দেন উচ্চ আদালত।








