শিক্ষা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ বেশি ছাত্রদের

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫ বেশি ছাত্রদের

ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের সংখ্যায় ছাত্রীরা পিছিয়ে। এবার মোট ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা বেশি।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ছাত্রীদের মধ্যে পাস করেছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। তাদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। তাদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

তবে জিপিএ-৫ অর্জনে ছাত্ররা এগিয়ে রয়েছেন। এবার মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ এই ফল পেয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। সে হিসাবে সর্বোচ্চ ফল অর্জনকারীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে পরীক্ষার সূচিতেও পরিবর্তন আসে।

বিষয়:এইচএসসি ছাত্র ছাত্রী জিপিএ ৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…