দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮%, কেউ পাস করেনি ৪৯ প্রতিষ্ঠানে

দিনাজপুর শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তবে বোর্ডের ইতিহাসে রেকর্ডসংখ্যক ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা বোর্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোর্ডের সচিব নূর মো. আব্দুর রাজ্জাক।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন।
ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোর্ড সচিব বলেন, পরীক্ষার হলে সিসি ক্যামেরা স্থাপনের কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।



