এইচএসসিতে ময়মনসিংহে পাশের হারে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫১ দশমিক ৪৪ শতাংশ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ১৫ হাজার ৬৪৭ এবং মেয়েদের সংখ্যা ২০ হাজার ৭০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল্য দেখিয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমানসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এনামুল হক জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৩৬ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা এক হাজার ১৮ এবং মেয়েদের সংখ্যা এক হাজার ১১৯ জন।
তিনি আরও জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৫টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৯টি। অকৃতকার্যদের মধ্যে গণিত এবং ইংরেজি বিষয়ে পাশ নাম্বার পায়নি অধিকাংশ শিক্ষার্থী।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী ১১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে। বিজ্ঞান বিভাগে ৭৫ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাশ করলেও মানবিকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৪২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাশ করে।
জেলাওয়ারি পাসের হার ময়মনসিংহ জেলায় ৫৯.৩৩ শতাংশ, শেরপুর ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনা ৪৩.৫১ শতাংশ, জামালপুর জেলা ৪৩ দশমিক ৩৫ শতাংশ।





