টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অনেকটা অসহায়ভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালোই লড়াই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমা-আয়েশাদের বিরুদ্ধে ৩৬ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। টস জিতে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান করে ইংলিশরা। জবাবে ৬ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ।
১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান জমার আগেই উইকেট হারায় বাংলাদেশ। সরাসরি বোল্ড হন শামিমা আক্তার। দলীয় ১৪ রানের মাথায় মাত্র ২ রান করে ফেরেন আয়েশা রহমান।
ক্রিজে থিতু হওয়ার কিছুটা চেষ্টা করেছিলেন ফারহানা হক ও রুমানা আহমেদ। কিন্তু সমান ১৯ রান করে দুজনেই সাজঘরমুখী হন। এরপর অবশ্য ভালো একটা জুটি গড়েন নিগার সুলতানা ও সালমা খাতুন। দুজন মিলে তোলেন ৬৪ রান। ২৮ বলে ৩৫ রান করে নিগার আউট হলেও ৩০ বলে ৩২ রান করে অপরাজি থাকেন সালমা।
এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৪ রান তোলার পর বাংলাদেশের জন্য প্রথম সাফল্য এনে দেন জাহানারা আলম। ১৮ রান করা টামি বেমন্ডকে বোল্ড করেন। ইংল্যান্ডের স্কোর বোর্ডে রান যখন ৭০ তখন দ্বিতীয় সাফল্য এনে দেন ফাহিমা খাতুন। নিগার সুলতানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সারা টেলর।
এক রানের ব্যবধানে হেথার নাইটকে ফেরান খাদিজাতুল কুবরা। নাইট করেন মাত্র ১ রান। এরআগে প্রথম ম্যাচে ভারতের কাছে ৭৭ রানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
অল্প ব্যবধানে ২ উইকেট হারালেও অধিনায়ক শারলট এডওয়ার্ডস ও নাটালি সিভার রানের চাকা সচল রাখেন। ৫১ বলে ৬০ রান করেন এডওয়ার্ডস। সিভার করেন ২৭ রান। শেষ দিকে বান্টের ১৭ ও ওয়েটের ১৫ রানে চ্যালেঞ্জিং স্কোর পায় ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে জাহানারা আলম ৩টি, সালাম খাতুন, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা ও রুমানা আহমেদ প্রত্যেকে একটি করে উইকেট পান।






