বুধবার ১৩৯ রানে অপরাজিত থাকা লিটন দাস বৃহস্পতিবার দুপুর নাগাদ ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার লড়াকু ব্যাটিংয়ে ইস্ট জোন চারশো রানের কাছাকাছি চলে এসেছে। সেন্ট্রাল জোন টস জিতে আগে ব্যাট করে আব্দুল মজিদের ডাবল সেঞ্চুরিতে ৫৪৬ রানে অলআউট হয়েছিল।
ম্যাচের তৃতীয়দিন লিটন ১৯০ বলে দ্বিশতক তুলে নেন। গত বছরের জানুয়ারিতে বগুড়ায় প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ইস্ট জোনের হয়ে লিটন ওপেন করতে নামেন। বুধবার প্রথম শ্রেণিতে নিজের ১২তম সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।
আফিফও সেঞ্চুরির পথে আছেন। ৫৭ বলে অর্ধশতক তোলার পর লিটনের সঙ্গে দলের রান বাড়িয়ে নিচ্ছেন তিনি।










