রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান চান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো রোহিঙ্গা সমস্যার দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বরাত দিয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান জরুরি।
মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই সফর করছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, নিঃসন্দেহে এটি মিয়ানমারের ওপর একটি চাপ।
‘আমি মনে করি বাংলাদেশে আশিয়ান সদস্যভুক্ত কোন সরকার প্রধানের সফর ও রোহিঙ্গাদের দুরাবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করা একটি বড় ধরনের ইস্যু।’
তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কাছ থেকে কূটনৈতিক সমর্থন চাইছে। জাকার্তা ইতোমধ্যেই জাতিসংঘ ও জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি ইন্দোনেশিয়া এই ইস্যুতে আমাদের প্রতি তাদের সমর্থন অব্যহত রাখবে।
পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমার থেকে সহিংসতার কারণে প্রাণভয়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া ও তাদের থাকা-খাওয়ার সব ধরনের ব্যবস্থা করার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।







