কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

রোহিঙ্গা ক্যাম্পে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

ফাইল ফটো

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় সকল মোবাইল অপারেটরের থ্রিজি এবং ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্প এলাকাগুলোতে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে মোবাইল অপারেটরদের কাছে নির্দেশনা পাঠিয়েছিলো বিটিআরসি। সে হিসাবে শনিবার থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবার নেটওয়ার্ক আর থাকছে না।

বিটিআরসির নির্দেশনায় এরইমধ্যে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় বন্ধ রয়েছে মোবাইলের নতুন সিম বিক্রি। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরী জানান, উখিয়ার ক্যাম্প এলাকায় থ্রিজি এবং ফোরজি সেবা আজ থেকে বন্ধ রয়েছে। সেই সঙ্গে উখিয়া এবং টেকনাফ থেকে নতুন করে আর কেউ বায়োমেট্রিক নিবন্ধন করে সিম ক্রয় করতে পারবে না।

এসব সুবিধা পেতে হলে গ্রাহককে কক্সবাজার শহরে গিয়ে যথাযথ কাগজ পত্র দেখিয়ে সিম কিনতে হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে উখিয়া এবং টেকনাফ থেকে বায়োমেট্রিক সীম নিবন্ধনের সরঞ্জামাদি নির্ধারিত এজেন্টদের কাছ থেকে বুঝে নিয়েছেন মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কর্মকতারা।

এদিকে এতদিন কোন বাধা ছাড়াই রোহিঙ্গারা বাংলাদেশি সিম ব্যবহার করে আসছিলেন। বর্তমানে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় ব্যবহৃত সিমের সংখ্যা ৮ থেকে ৯ লাখ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব সিম বন্ধ করতে এমন উদ্যোগ নিয়েছে বিটিআরসি।

বিষয়:থ্রিজি ফোরজি রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…