গাজীপুর

মজুরি বাড়িয়েও থামেনি শ্রমিক অসন্তোষ, গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মজুরি বাড়িয়েও থামেনি শ্রমিক অসন্তোষ, গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শ্রমিক অসন্তোষ থামেনি গাজীপুরে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ২৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে নাওজোর, চৌরাস্তা ও ভোগরা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার রাতে নিম্নতম মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে। নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। চারটি গ্রেডে নির্ধারিত এই কাঠামোয় গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০, গ্রেড-২-এর ২০ হাজার এবং গ্রেড-১-এর ২১ হাজার ৫০০ টাকা।

তবে ১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকদের একটি অংশ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ছয় পুলিশ ও পাঁচ আনসার সদস্য আহত হয়েছেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান জানান, গ্রেড-২ ও গ্রেড-৩-এর মজুরির ব্যবধান ৮০০ টাকা। এই দুই গ্রেডের আওতায় প্রায় ৮০ শতাংশ শ্রমিক রয়েছেন। এ ব্যবধান নিয়েই শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

পুলিশের দাবি, আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরিতে বহিরাগতরা যুক্ত হয়েছে। অন্যদিকে কারখানার মালিকপক্ষের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বিভিন্ন চক্র ঢুকে পড়েছে। তাদের কারণে কারখানা ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হচ্ছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবারের পরিস্থিতি বিবেচনায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত থাকায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…