রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম যে স্বাভাবিক অবস্থায় নেই সে খবর বেশ কিছু দিন ধরেই ফলাও করে প্রচার হচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যমে। ক্রিস্টিয়ানো রোনালদো এবং সার্জিও রামোসের বাগযুদ্ধ যে লস ব্লাঙ্কোস শিবিরে ভাঙ্গন ধরিয়েছে সেটা ‘ওপেন সিক্রেট’ হলেও মুখ খুলছিলেন না খেলোয়াড় বা কর্মকর্তাদের কেউই।
তবে ‘যা রটে তার কিছু তো ঘটে’! দলের প্রধান দুই তারকার দ্বন্দ্ব যে কেবলই গুজব নয় সেটাই যেন প্রমাণ করল জিনেদিন জিদানের বক্তব্য। অ্যাটলেটিকোর বিপক্ষে শনিবার ‘মাদ্রিদ ডার্বি’র প্রাক্কালে রোনালদো-রামোসকে একে অন্যের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়ে রাখলেন রিয়াল কোচ।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর অভিজ্ঞতার অভাবকে দায়ী করেন রোনালদো। মোরাতা, হামেস রদ্রিগেজ, পেপেদের মতো অভিজ্ঞদের দল থেকে ছেড়ে দিয়ে রিয়াল দুর্বল হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন সিআর সেভেন।
দলের প্রধান তারকার বক্তব্য মোটেও ভালভাবে নেননি রামোস। রোনালদোর বক্তব্যকে ‘সুবিধাবাদী’ বলে মন্তব্য করেন রিয়াল অধিনায়ক। এমনকি মৌসুম শেষেই রিয়াল ছাড়তে পারেন রোনালদো, এমন গুঞ্জন বিষয়ে রামোসের কাছে জানতে চাইলে স্পেন অধিনায়কের সোজাসাপ্টা উওরটা ছিল, ‘ক্রিস্টিয়ানো চলে যাচ্ছে নাকি? ওকেই জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কিছুই জানি না।’
রামোসের এমন মন্তব্যের পর প্রকাশ্যে আসে রোনালদোর সঙ্গে তার বিরোধের বিষয়টি। এ দুজনের দ্বন্দ্ব রিয়ালকে বিভক্ত করেছেও বলে খবর স্প্যানিশ মিডিয়াগুলোর।
দ্বন্দ্বের বিষয়টি মুখে না বললেও জিদানের কথায় বিষয়টি অনেকখানিই পরিষ্কার। তবে রোনালদো-রামোসের মনোমালিন্য দলকে দুর্বল করেনি বলেই দাবি রিয়াল কোচের, ‘এটা ওই কোন বিষয় নয় যে আমাদের দুর্বল করে দেবে। আমরা সবাই জানি ক্লাবকে নিয়ে অনেক আজেবাজে কথা হবে, অনেক কিছুই হবে। অনেকে অনেক কিছুই বলবে।’
‘আমরা শান্তই আছি।কারণ আমরা কেবল একটা বিষয়ে মনোযোগী। আর সেটা হল ফুটবল খেলা।’
রোনালদো এবং রামোসের বক্তব্যকে ব্যক্তিগত মত বলেই মানছেন জিদান। তাতে দলে কোন প্রভাব পড়েনি বলে দাবি ফরাসি কিংবদন্তির, ‘ তারা যথেষ্ট ব্যক্তিত্বসম্পন্ন। যা মন চায় তা বলার অধিকার তাদের আছে। ওরা দুজন একসঙ্গে অনেক খেলেছে। অনেক কিছু জিতেছে। একজন এক রকম আরেকজন অন্যরকম বলতেই পারে। তাতে দলে কোন প্রভাব পড়বে না।’
দুই তারকার মাঝে কোন সমস্যা নেই বললেও পরক্ষণে একে অন্যের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন জিদান। যাতে পর্তুগিজ এবং স্প্যানিশ অধিনায়কের সমস্যা কিছুটা হলেও প্রমাণিত, ‘তাদের মধ্যে কোন সমস্যা নেই। আমি শুধু বলতে চাই এ দুজন রিয়ালের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।’
জিদানের কথায় রোনালদো-রামোসের দ্বন্দ্বের অবসান হলো কিনা তার প্রমাণ পাওয়া যাবে শনিবারই। এদিন মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে রিয়াল। জিদানের পরামর্শ কানে তুলে দ্বন্দ্ব ভুলে দলকে জয় এনে দিতে পারবেন কিনা রোনালদো ও রামোস, সেটাই প্রমাণ হবে ওয়ান্ডা মেট্রোপলিটানে।







