কর ফাঁকির মামলায় ভালোই ফেঁসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগে মামলা চলছে স্প্যানিশ আদালতে। এবার জোর গুঞ্জন উঠেছে, সব ঝামেলা এড়াতে সান্তিয়াগো বার্নাব্যুই ছাড়তে চান পর্তুগিজ অধিনায়ক। তবে তাকে ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদ শিবির। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা এমন তথ্যই জানাচ্ছে।
তিনি সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে পারেন, এই খবর ফাঁস করেছে রোনালদোর ব্যক্তিগত এজেন্সি। পর্তুগিজ পত্রিকা ‘আ বোলা’র বরাতেই খবর প্রকাশ করেছে মার্কা। আদালতে মামলা লড়তে কি করণীয় সেটি নিয়ে কথা বলতে রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রোনালদো। সেই সাক্ষাতের পরে নাকি বিশ্বসেরা তারকাকে বিরক্ত এবং রাগে গজগজ করে বের হয়ে আসতে দেখা যায়।
মার্কা এও জানাচ্ছে, রিয়াল শিবির ছাড়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্তই করে ফেলেছেন সিআর সেভেন। এই অবস্থায় রোনালদোকে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। পর্তুগিজ তারকার ইচ্ছার বিরুদ্ধে তাকে লস ব্লাঙ্কোস শিবিরে ধরে রাখার কোন ইচ্ছাও নাকি নেই রিয়াল কর্তৃপক্ষের। তবে সহজে ছাড়তেও রাজি নয় তারা।
তবে রোনালদো কোথায় যেতে পারেন সেটি জানা না গেলেও ইঙ্গিতটা পুরনো ঘর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার দিকেই বেশি, আবার প্যারিস সেইন্ট জার্মেইনের কথাও আছে আলোচনায়। বিশ্বসেরা ফুটবলারকে পেতে অবশ্য ১৮০ মিলিয়ন ডলার খরচ করতেও প্রস্তুত এই ক্লাব দুটি।
চলতি সপ্তাহেই রোনালদোর বিরুদ্ধে স্প্যানিশ আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ ২০১০ সাল থেকে প্রায় ১ কোটি ৪৭ লাখ ইউরো ফাঁকি দেয়ার। রায়ে অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি শাস্তির মত ভোগান্তিতেও পড়তে হতে পারে তাকে।
একই অভিযোগে ৫১ লাখ ইউরো স্বেচ্ছা কর দিয়েও মুক্তি পাননি লিওনেল মেসি। স্প্যানিশ আদালত তাকে ২১ মাসের জেল দেয়। যদিও দেশটির আইনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ছাড়া প্রথমবার কেউ দুবছরের কম সাজা পেলে তাকে জেলে যেতে হয় না। মেসিকেও যেতে হয়নি। এখন দেখার তার প্রায় সাড়ে তিনগুণ কর ফাঁকি জন্য রোনালদোর কপালে কি অপেক্ষা করছে।







