লা লিগায় লেগানেসের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন রোনালদো খেলেননি। রিয়ালের হয়ে গোল করেন গ্যারেথ বেল এবং মাওরাল।
এই জয়ে ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭১। সমান ম্যাচ খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। ৩৩ ম্যাচ খেলা বার্সেলোনা ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপার প্রহর গুনছে।
রিয়াল এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণে ঝাঁপায়। তিন মিনিটে বক্সের বাইরে থেকে বাপায়ের শট উপরে মেরে সুযোগ হাতছাড়া করেন গ্যারেথ বেল। ওই বেল দ্বিতীয় সুযোগটি কাজে লাগান।
৮ মিনিটের মাথায় খুব কাছ থেকে বাপায়ের শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধের একদম শেষদিকে মাওরাল ব্যবধান ২-০ করেন।
ফ্রি কিক থেকে লেগানেসের একজন খেলোয়াড়ের মাথা স্পর্শ করে বল যায় অরক্ষিত মাওরালের কাছে। তিনি বল জালে পাঠালেও শুরুতে অফসাইডের জন্য গোল বাতিল করেন রেফারি। তবে পরে সিদ্ধান্ত পাল্টান।
দ্বিতীয়ার্ধে লেগানেস কাউন্টার অ্যাটাকে রিয়ালকে বেশ কয়েকবার নাড়িয়ে দেয়। দলটি এক গোল শোধ দেয় ৬৬তম মিনিটে। ডার্কো ব্রাসানাক বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে ব্যবধান কমান।
এক গোল শোধ দিলেও আর ম্যাচে ফেরা হয়নি ৩৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৬ টেবিলের ১৬ নম্বরে থাকা লেগানেসের।








