একদিন আগেই শোনা গেল স্প্যানিশ কর বিভাগ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে চলা মামলা আগামী কয়েকদিনেই শেষ হতে পারে। কারণ মামলা নিষ্পত্তির জন্য যেকোনো শর্ত মানতে রাজি হয়েছেন রোনালদো। এজন্য ‘কোষাগার খুলে’ দিতেও প্রস্তুত শীআর সেভেন।
কিন্তু এখন শোনা যাচ্ছে, মামলা নিষ্পত্তির জন্য রোনালদোর দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্পেনের কর বিভাগ।
সোমবার স্পেনের গণমাধ্যম জানায়, যেকোনো ফৌজদারি মামলা এড়াতে দেশটির কর বিভাগকে মামলা নিষ্পত্তির জন্য প্রস্তাব দিয়েছেন রোনালদো। যেখানে আর্থিক ক্ষতিপূরণের কথা রয়েছে।
স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’ জানায়, ‘স্পেনের কর বিভাগ যে পরিমাণ অর্থ ন্যায্য মনে করে রোনালদো সেটাই দিতে প্রস্তুত। তবে তিনি এটা নিশ্চিত হতে চান যে, ভবিষ্যতে তাকে কখনো জেলে যেতে হবে না।’
কিন্তু মঙ্গলবার আরেক স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, মামলা নিষ্পত্তিতে রোনালদোর দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে স্পেনের কর বিভাগ। কর বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ওই প্রস্তাব গ্রহণ করার মত কোনো সুযোগই নেই।’
রোনালদোকে ১৪.৭ মিলিয়ন ইউরো জালিয়াতির জন্য দায়ী করেছে স্পেনের কর বিভাগ। তাদের আরো দাবি, অন্তত চারটি পৃথক ঘটনার জন্য বর্তমানে রোনালদোকে কারাগারে আটক রাখা উচিত।








