গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদের ঘোরতর বিরোধী একজন খেলোয়াড়ের নাম আর্তুরো ভিদাল। সেই রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে দাঁড়িয়ে চিলিয়ান মিডফিল্ডার বললেন, তিনি কোনো দলেরই বিরোধী নন। তবে এখন থেকে বার্সেলোনার বিপক্ষে যেসব দল খেলতে নামবে, তারাই তার কঠিন প্রতিপক্ষ।
সোমবার ন্যু ক্যাম্পে সমর্থক ও সংবাদ মাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে ভিদালকে। এদিন আনুষ্ঠানিকভাবে নতুন ক্লাবের সঙ্গে চুক্তিটাও সারা হয়ে গেছে তার। নতুন মৌসুমের আগে মাঝমাঠে ইনিয়েস্তা ও পাউলিনহোর শূন্যস্থান পূরণ করতে ২০ মিলিয়ন ইউরোতে তিন বছরের জন্য বায়ার্ন মিউনিখ থেকে ভিদালকে নিয়ে এসেছে বার্সা। এসময় মাঠে ভিদালের পাশে ছিলেন বার্সার সহ-সভাপতি জর্ডি মেস্ত্রে।
জুভেন্টাস ও বায়ার্নে থাকতে একাধিকবার রিয়ালের মুখোমুখি হয়েছেন ভিদাল। সেসব ম্যাচে বেশিরভাগ সময়ই আগ্রাসী এক খেলোয়াড়কেই দেখেছেন লস ব্লাঙ্কোস সমর্থকরা। এবার তো এসে পড়েছেন একেবারে রিয়ালের চিরপ্রতিপক্ষের ডেরায়। তবে কী আরও আগ্রাসী হবেন চিলিয়ান তারকা?
সংবাদ মাধ্যমে ভিদাল বলছেন, তিনি মোটেও মাদ্রিদ বিরোধী খেলোয়াড় নন। তবে পরে যে কথা বলেছেন বাকি দলগুলোর জন্য তাতে থাকল প্রচ্ছন্ন হুমকিও, ‘যারা বার্সার বিপক্ষে খেলবে এখন থেকে আমি তাদেরই প্রতিপক্ষ। ব্যক্তিগতভাবে আমার কোনো প্রতিপক্ষ নেই। আমি এখানে চ্যাম্পিয়ন্স লিগ জিততে এসেছি। আমার বিশ্বাস সেটা জিতেও ছাড়বো। যখন মাদ্রিদের মুখোমুখি হবো, তখন দেখা যাবে ব্যাপারটা।’
‘বার্সেলোনায় আসতে পেরে আমি দারুণ, দারুণ খুশি। আমার কাছে তারা বিশ্বের সেরা দল। আমি অনেক অনেক শিরোপা জয়ের ক্ষুধা নিয়ে এখানে এসেছি। আশা করি আগামী তিনবছরে সবগুলো শিরোপা জেতা হবে আমার।’






