ক্রিকেট

রিশাদের ৫ উইকেট, খালিদের ৩

বাংলাদেশের তরুণদের সামনেই কাঁপল উইন্ডিজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উইকেট উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়রা উইকেটের পর উল্লাস করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নেমে বাংলাদেশের তরুণদের সামনেই শক্ত প্রতিরোধ গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে আড়াইশ পেরিয়ে গেলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের সামনে পরীক্ষায় উতরে যেতে পারেনি সফরকারীরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমদিনে শুরুতে ব্যাটে এসে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলে দিনশেষ করেছে বিসিবি একাদশ।

সাইফ হাসান ১৫ ও সাদমান ইসলাম ৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

সকালের সেশনটা ভালোই ছিল উইন্ডিজের। দ্বিতীয় সেশনে পাঁচ ও শেষ সেশনে বাকি উইকেট তুলে নিয়ে তাদের অলআউট করে দেয় বিসিবি একাদশ।

ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল ৬৭ রানের ওপেনিং জুটি এনে দেন। ১৮ বর্ষী অফস্পিনার শাহাদাত হোসেন ৪৪ রানে থাকা ক্যাম্পবেলকে তৌহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ভাঙেন জুটি।

মধ্যবিরতির পর ফিরে উইন্ডিজ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল করান খালিদ আহমেদ ও রিশাদ হোসেন। পেসার খালিদ ২১ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন।

১৮ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ হয়ে ওঠেন ভয়ঙ্কর। ২৩.১ ওভারে ৭৫ রান খরচায় ঝুলিতে জমান ৫ উইকেট। শাহাদাতের একটি ছাড়া অন্য উইকেটটি ওপেনার সাইফ হাসান তুলে নিয়েছেন।

অধিনায়ক ব্র্যাথওয়েট সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন। লোয়ার অর্ডারে কাইল মেয়ার্স ৪০, জসুয়া ডি সিলভা ২০ ও আলঝারি যোসেফ ২৫ রান এনে দিলে আড়াইশ পেরোয় সফরকারীরা।

বিষয়:খালিদ প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশ রিশাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…