জি-৭ দেশগুলো ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্তকে সমর্থন করে বলেছে, ইউক্রেনের শহরগুলিতে রাশিয়ার আক্রমণে তারা আতঙ্কিত।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জি-৭ এর সাতটি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করার জন্য একসাথে কাজ করার কথাও উল্লেখ করে।
মারিউপোলসহ অন্যান্য ইউক্রেনীয় শহর অবরোধ এবং রাশিয়ান সামরিক বাহিনীর মানবিক প্রবেশাধিকার অবরুদ্ধ করে রাখার বিষয়টি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে তারা।
জি-৭ জানায়, রুশ বাহিনীকে অবিলম্বে ইউক্রেনের অবরুদ্ধ সব অংশে বেসামরিক নাগরিকদের বের করে আনতে নিরাপদ পথের ব্যবস্থা করতে হবে, সেইসাথে মারিউপোল এবং অন্যান্য অবরুদ্ধ শহরগুলিতে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।







