সময়টা মোটেও ভাল যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির। এবার সুরেশ রায়নার কাছে হারলেন তিনি। ধোনির রাইজিং পুনে সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে রায়নার গুজরাট লায়ন্স। পুনের ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা শেষ বলে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।
শেষ ওভারে নয় রান আর শেষ দুই বলে তিন রান। এর মাঝেই দুই উইকেট আউট। শেষ সমীকরণ এক বলে বলে এক রান। শেষ বলে এক রান নিয়ে উত্তেজনার পারদে ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় গুজরাট।
১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গুজরাটকে দারুন সূচনা এনে দেয় ডুয়াইন স্মিথ ও ব্র্যান্ডন ম্যাককালাম। পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে তারা মাত্র ৪৯ বলে গড়েন ৯৩ রানের জুটি।
এরপর পুনের বোলারদের শাসন করে জয়ের দিকে দলকে এগিয়ে নেন অধিনায়ক সুরেশ রায়না ও উইকেটরক্ষক দিনেশ কার্তিক।কার্তিক (৩৩), রায়না (৩৪) রানে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি গুজরাটের।
স্মিথ পেরেরার বলে বোল্ড হবার আগে ৩৭ বলে নয়টি চার ও এক ছয়ে করেন ৬৩ রান। আর ম্যাককালাম ২২ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৪৩ রান করে ভাটিয়ার বলে মরকেলের হাতে ধরা পড়েন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে স্টিভেন স্মিথের ১০১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৯৫ রান করে রাইজিং পুনে সুপার জায়ান্টস।
দলীয় মাত্র ১৩ রানে তিওয়ারি (১) রান আউট হয়ে সাজঘরে ফিরলে দ্বিতীয় উইকেট জুটিতে অজিঙ্কা রাহানে ও স্টিভেন স্মিথ ১১১ রানের জুটি গড়েন।
রাহানে ৪৫ বলে পাঁচটি চারে ৫৩ রানে সাজঘরে ফিরলেও স্মিথ এবারের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয়। স্মিথ মাত্র ৫৪ বলে আটটি চার ও পাঁচটি ছয়ে করেন ১০১ রান। শেষদিকে অধিনায়ক ধোনি ১৮ বলে দুটি চার ও দুটি ছয়ে ৩০ রান করেন।
গুজরাটের বোলারদের মধ্যে ডিজে ব্রাভো একটি উইকেট নেন।








