জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পালিয়েছে, সে আর ফিরে আসবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই আন্দোলনে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট পালিয়েছে, তা আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে করতোয়া নদী পুনঃখননের স্থান নির্ধারণ ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের নেত্রী জনরোষে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস বলে, পলায়নের পর সেই শাসক কখনোই আর দেশে ফিরে আসতে পারে না।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই ফ্যাসিস্টকে চিরতরে বিদায় দিয়েছে। আজকে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফিরে আসার স্বপ্ন দেখেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণ ২০২৪ সালের আগস্টে তাদের প্রত্যাখ্যান করেছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। আদালত যাকে সাজা দিয়েছে, তাকে আসতে হলে দেশের প্রচলিত আইন মেনে আসতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের স্থান নির্ধারণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. ময়নুল হাসান সাদিক, পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদীর ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।






