এক ‘পঞ্চায়েত’-ই বদলে দিয়েছে এই অভিনেতার জীবন
‘পঞ্চায়েত’ বদলে দিয়েছে জীবন, বিনোদ চরিত্রেই পেয়েছি পরিচিতি: অশোক পাঠক

ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর বিনোদ চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পেয়েছেন অভিনেতা অশোক পাঠক। সিরিজে চা ও তামাকপ্রিয় সহজ-সরল গ্রামবাসী বিনোদের চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে ‘দেখ রাহা হ্যায় না, বিনোদ’ সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিমের জন্ম দিয়েছে। অভিনেতার ভাষায়, এই একটি চরিত্রই বদলে দিয়েছে তার জীবন।
সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অশোক পাঠক বলেন, ‘পঞ্চায়েত’ তাকে আলাদা পরিচিতি দিয়েছে। একজন শিল্পী হিসেবে এমন কাজ করতে চান, যা মানুষের কাছে পৌঁছাবে, দর্শকের ভালোবাসা পাবে। বিনোদ চরিত্রের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।
অভিনেতা বলেন, ‘এর আগেও অনেক কাজ করেছি। সেসব কাজ দেখে কেউ প্রশংসা করেছেন, কেউ হয়তো দেখেননি। কিন্তু পঞ্চায়েত আমাকে সবার কাছে পৌঁছে দিয়েছে। দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিনোদ। এই সিরিজ আমার জীবনে বড় পরিবর্তন এনেছে। বলতে গেলে, আমার পুরো জীবনটাই বদলে গেছে।’
তবে জনপ্রিয় এই চরিত্রের কারণে একই ধরনের ছোট শহর বা গ্রামকেন্দ্রিক চরিত্রে আটকে যেতে চান না অশোক। তার মতে, একজন শিল্পীর অভিনয়ের নানা দিক তুলে ধরার সুযোগ থাকা উচিত। একই ধরনের কাজের প্রস্তাব বারবার আসায় অনেক সময় সেগুলো ফিরিয়েও দেন তিনি।
অশোক বলেন, ‘মাঝেমধ্যে একই ধরনের কাজ করতে করতে আমারও একঘেয়েমি লাগে। তাই অনেক কাজ ফিরিয়ে দিই। একজন শিল্পী হিসেবে এটা বড় চ্যালেঞ্জ। আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। যেমন “ত্রিভুবন মিশ্র: সিএ টপার”-এর মতো কাজ করেছি। নতুন কিছু করার সুযোগ পেলে একজন শিল্পী হিসেবে নিজের ভিন্ন দিকগুলো তুলে ধরা যায়।’
‘এ ডেথ ইন দ্য গঞ্জ’, ‘ফুকরে রিটার্নস’, ‘ফটোগ্রাফ’, ‘স্যাক্রেড গেমস’, ‘ক্লাস অব ৮৩’ ও ‘আরিয়া’র মতো সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন অশোক। এবার তাকে দেখা যাবে নতুন সিরিজ ‘স্টর্ম’-এ। হৃতিক রোশনের প্রযোজনা প্রতিষ্ঠান এইচআরএক্স ফিল্মসের ব্যানারে নির্মিত সিরিজটি পরিচালনা করেছেন ‘তাব্বার’খ্যাত অজিতপাল সিং।
মুম্বাইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলার সিরিজে অশোককে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে। তার ভাষায়, ‘প্রাইম ভিডিওর জন্য আরেকটি সিরিজে কাজ করছি, যা পঞ্চায়েতের একেবারেই বিপরীত। এখানে দর্শক আমাকে বিনোদের চেয়ে সম্পূর্ণ আলাদা রূপে দেখবেন। চরিত্রটি হরিয়ানভি।’
‘স্টর্ম’-এ কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বসিত অশোক। বিশেষ করে সহশিল্পী ও প্রযোজক হৃতিক রোশনের প্রশংসা তাকে আনন্দিত করেছে। অভিনেতা জানান, হৃতিক তাকে বলেছিলেন, ‘ত্রিভুবন মিশ্র: সিএ টপার’ সিরিজে তার অভিনয় দেখেছেন। সাক্ষাতের সময় কাজের প্রশংসাও করেছেন। হৃতিককে অসাধারণ মানুষ উল্লেখ করে অশোক বলেন, সিরিজটির পুরো দলের সঙ্গে কাজ করে তার দারুণ অভিজ্ঞতা হয়েছে।
এদিকে নির্মাতা প্রতিষ্ঠান দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমে ফিরছেন অশোক পাঠকসহ আগের পরিচিত মুখেরা। এতে আরও অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা ও দুর্গেশ কুমার। দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির নতুন মৌসুম আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। টেলিগ্রাফ






