সাভারে রানা প্লাজা ধসে হতাহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে।
গতকাল হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রানার জামিন স্থগিত করে বিষয়টি আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
গত মঙ্গলবার বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দেন। এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে।








