রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি শালবন এলাকায় সড়কের সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। তাই ভারী বৃষ্টিপাত না হলে যে কোন সময় রাঙামাটি চট্টগ্রাম সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ১৯ ইসিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শাহরিয়ার ইফতেখার।
সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তুলতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ও সড়ক বিভাগের কর্মীরা।সড়কের বিভিন্ন স্থানে ধসে পড়া পাহাড়ের মাটি সরানো হচ্ছে বলে জানান মেজর মোহাম্মদ শাহরিয়ার ইফতেখার।
বৃষ্টির কারনে পানি আর কাদায় সমগ্র এলাকা একাকার হয়ে গেছে। অনেকে কর্দমাক্ত পথে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যাতায়াতের জন্য বিকল্প হিসাবে রাঙামাটির সঙ্গে কাপ্তাই নৌ পথে লঞ্চ চলাচল শুরু হলেও এখনো অনেকে পায়ে হেঁটে সাপছড়ির পাহাড়ি পথ পাড়ি দিয়ে চলাচল করছেন।
অন্যদিকে শহরের ১৯ টি আশ্রয় কেন্দ্রের তত্ত্বাবধান সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও রেডক্রিসেন্টের নিয়ন্ত্রেণে আসার পর গত দু’দিন ধরে খাবার সরবারাহ সহ আনুষঙ্গিক সব কিছুই যথা নিয়মে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন আশ্রিত লোকেরা।
কেন্দ্রগুলোতে জরুরি মেডিক্যাল টিম কাজ করায় প্রত্যেক কেন্দ্রের মানুষ পর্যাপ্ত চিকিসা সেবা পাচ্ছে।







