ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রাউন্ডে জয় তুলে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শনিবার ফতুল্লায় পারটেক্স স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ৫ উইকেটে। এ জয়ের ফলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সমান ১২ পয়েন্ট তাদের। রূপগঞ্জ তাকিয়ে রোববারের ম্যাচের (মোহামেডান-শেখ জামাল) দিকে।
ওই ম্যাচের জয়ী দল সরাসরি উঠে যাবে সুপার লিগে। হেরে যাওয়া দলের সঙ্গে রানরেটের সমীকরণ হবে রূপগঞ্জের। রান রেটে এগিয়ে থাকা দল ছয় নম্বর দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করবে। মোহামেডান ও শেখ জামালের চেয়ে রানরেটে পিছিয়ে রূপগঞ্জ।
এরই মধ্যে চারটি দল সের ছয়ের সুপার লিগ নিশ্চিত করে ফেলেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্স (সর্বোচ্চ পয়েন্ট নিয়ে), গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক।
শেষ রাউন্ডের ম্যাচটিতে রূপগঞ্জ হেরে গেলে মোহামেডান ও শেখ জামালের সুপার লিগ নিশ্চিত হয়ে যেত। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচে পারটেক্সের দেয়া ২৭৩ রানের টার্গেট তাড়া করতে নামে রূপগঞ্জ। পাকিস্তানি ক্রিকেটার রাজা আলী ধার ৯৯ ও মাহমুদুল হাসান ৭০ রানের ইনিংস খেললে চার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রূপগঞ্জ।
পারটেক্সের মামুন হোসেন নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুরুজ্জামান মাসুম, বিশ্বনাথ হালদার ও ইমরান আলী।
এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে পারটেক্স। নার্ভাস নাইনটির শিকার হন দলের ভারতীয় ব্যাটসম্যান জটিন সাক্সেনা। ফতুল্লায় ব্যাট হাতে ঝড় তোলেন এ ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ৫০ বলে ১১টি চার পাঁচটি ছয়ে ৯১ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া সাজ্জাদ হোসেন করেন ৫০ রান।
দুই মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সৈয়দ রাসেল নেন চার উইকেট। ১০ ওভারে মাত্র ৩৮ রান দেন এ বাঁহাতি পেসার। স্পিনার মোশাররফ হোসেন রুবেল নিয়েছেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন রাজা আলী ধার ও নাঈম ইসলাম।







