ফুটবল

মেসি-রামোসরা মাঠে থুথু ফেললেই দেখবেন হলুদ কার্ড!

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মেসি ব্যথিত মুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল ম্যাচে আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি ব্যথিত মুখে মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

খেলার মাঠে থুথু ফেলা কিংবা নাক ঝারা খেলোয়াড়দের প্রাচীনকালীন অভ্যাস। এবার বুঝি সেই অভ্যাস পাল্টানোর সময় এলো। স্প্যানিশ লা লিগার নতুন নিয়ম, মাঠে থুথু ফেললেই হলুদ কার্ড দেখবেন খেলোয়াড়!

করোনাভাইরাসের কারণে থেমে থাকা ফুটবল আস্তে আস্তে মাঠে ফেরানো শুরু হয়েছে। খেলোয়াড়রা ব্যক্তিগত কিংবা দলগতভাবে মাঠে এসে অনুশীলন শুরু করেছেন। ১৬মে থেকে ফের শুরু হয়ে জার্মান বুন্দেসলিগা। খেলা গড়ানোর সম্ভাবনা আছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি আ ফুটবল লিগেও।

সেই খেলা যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, সেজন্য নতুন নিয়ম চালু করেছে ফিফা। মাঠে খেলোয়াড় বদলির সংখ্যা বাড়িয়ে ৩ থেকে ৫ করা হয়েছে ক্লাব ফুটবলে।

কিছু নিয়ম পাল্টেছে লা লিগাও। মাঠে থাকা সবার তাপমাত্রা পরীক্ষা করা হবে। যে হোটেলে থাকবেন খেলোয়াড়রা তা ভালোভাবে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা থেকে শুরু করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে ব্যাপকভাবে।

অ্যাওয়ে ম্যাচের খেলোয়াড়দের দুই বাসে করে আনা-নেয়া করা হবে, যাতে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা যায়। ঘরের মাঠে যে ফুটবলাররা খেলবেন, মাঠে নামার ২৪ ঘণ্টা আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

খেলার বিরতিতে পুরাতন জার্সি বদলে নতুন জার্সি পরতে হবে ফুটবলারদের। মাঠে থুথু ফেললেই বিপদ, হলুদ কার্ড দেখবেন খেলোয়াড়রা।

১৬মে থেকে শুরু হতে যাওয়া বুন্দেসলিগাতেও থাকছে নতুন নিয়ম। একসঙ্গে মাঠে নামা যাবে না, থাকতে হবে দূরত্বে। গোল করার পর গায়ে হাত দিয়ে উদযাপন করা যাবে না, করা যাবে না হ্যান্ডশেক। সাইডবেঞ্চে যারা বসে থাকবেন, তাদের পরে থাকতে হবে মাস্ক।

বিষয়:নিয়ম ফুটবল লা লিগা স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…